বরিশাল-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর প্রার্থিতা বৈধ ঘোষণা করে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন (আপিল) করেছেন প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) আপিল বিভাগের চেম্বার জজ আদালতে এ আবেদন করা হয়েছে। পরে সাদিক আবদুল্লাহর আইনজীবী মো. খুরশীদ আলম খান এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত ১৮ ডিসেম্বর বরিশাল-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। এর ফলে সাদিক আবদুল্লাহর নির্বাচন করতে প্রার্থিতা ফিরে পান।
দ্বৈত নাগরিকত্ব প্রশ্নে ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে করা রিটের শুনানি শেষে বিচারপতি আবু তাহের সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে সাদিক আবদুল্লাহর পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট মো. খুরশীদ আলম খান।
গত ১৫ ডিসেম্বর বরিশাল-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনের আপিল শুনানিতে এই রায় দেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন কমিশন।
দ্বৈত নাগরিকত্বের অভিযোগে তার প্রার্থিতা বাতিল চেয়ে আপিল করেন একই আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কর্নেল (অব.) জাহিদ ফারুক।
অন্যদিকে জাহিদ ফারুক মামলার বিষয়ে তথ্য গোপন করেছেন অভিযোগ তুলে তার প্রার্থিতা বাতিলের আপিল করেছিলেন সাদিক আব্দুল্লাহ। তবে সেই আপিল নামঞ্জুর করা হয়। পরে সাদিক আব্দুল্লাহ প্রার্থিতা ফেরাতে হাইকোর্টে রিট দায়ের করেন।
আরও পড়ুন: