প্রার্থিতা ফিরে পেতে আপিল বিভাগে আ.লীগের শামীম ও শাম্মী

প্রার্থিতা ফিরে পেতে আপিল বিভাগের চেম্বার জজ আদালতে আবেদন করেছেন ফরিদপুর-৩ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শামীম হক ও বরিশাল-৪ আসনের আওয়ামী লীগের প্রার্থী শাম্মী আহমেদ।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) আপিল বিভাগের চেম্বার জজ আদালতে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে তারা এ আবেদন দায়ের করেছেন বলে তাদের আইনজীবী শাহ মঞ্জরুল হক নিশ্চিত করেছেন।

এর আগে গত ১৮ ডিসেম্বর দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে আওয়ামী লীগের দুই প্রার্থীর রিট খারিজ করে দেন হাইকোর্টে। এর ফলে হাইকোর্টেও প্রার্থিতা ফিরে পেতে ব্যর্থ হন তারা। 

তাদের পৃথক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

গত ১৫ ডিসেম্বর দ্বৈত নাগরিকত্ব থাকায় ক্ষমতাসীন আওয়ামী লীগের ওই দুই প্রার্থীর মনোনয়ন বাতিল করে নির্বাচন কমিশন (ইসি)। আপিল শুনানিতে এই দুই প্রার্থীর প্রার্থিতা বাতিল করে সংস্থাটি। পরে তারা হাইকোর্টে পৃথক রিট দায়ের করেন।