৩০ নাগরিক সংগঠনের দাবি

২৮তম জলবায়ু সম্মেলনে বিশ্ব সম্প্রদায়ের প্রত্যাশা পূরণ হয়নি

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে সদ্যসমাপ্ত জাতিসংঘের ২৮তম জলবায়ু সম্মেলনে (কপ-২৮) বিশ্ব সম্প্রদায়ের প্রত্যাশা পূরণ হয়নি বলে দাবি করেছে বাংলাদেশের ৩০টি নাগরিক সংগঠন।  

বুধবার (২০ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে ‘বৈশ্বিক জলবায়ু সমঝোতা সম্মেলন কপ-২৮: আমাদের প্রত্যাশা এবং সম্মেলন থেকে প্রাপ্তি’শীর্ষক সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, ২৮তম জলবায়ু সম্মেলন (কপ-২৮) রাষ্ট্রগুলোকে জীবাশ্ম জ্বালানির ব্যবহার থেকে সরে আসার আহ্বান জানালেও সময়সীমা বেধে দিতে ব্যর্থ হয়েছে। অভিযোজন অর্থায়ন দ্বিগুণকরণ এবং ১০০ বিলিয়ন মার্কিন ডলার জলবায়ু অর্থায়ন বাস্তবায়নের কোনও রোডম্যাপ গৃহীত হয়নি। সেইসঙ্গে জলবায়ু অর্থায়নের সংজ্ঞায়নের বিষয়েও হয়নি কোনও আলোচনা। ২৮তম জলবায়ু সম্মেলনে বিশ্ব সম্প্রদায়ের প্রত্যাশা পূরণ হয়নি।

সংবাদ সম্মেলনের প্রধান বক্তা মো. শামসুদ্দোহা বলেন, এবারের সম্মেলনে ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি সক্ষমতা তিনগুণ করার ব্যপারে রাষ্ট্রগুলোকে আহ্বান জানানো হয়েছে কিন্তু স্বল্পোন্ন এবং উন্নয়নশীল রাষ্ট্রগুলোর জন্য কোনও অর্থায়নের কথা বলা হয়নি। অ-হ্রাসকৃত কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন ক্রমান্বয়ে হ্রাস করতে উদ্যোগ বাড়ানোর জন্য তাগিদ দেওয়া হয়েছে, রাষ্ট্রগুলোকে জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার আহ্বান জানানো হয়েছে, তবে কোনও সময়সীমা নির্দেশ করা হয়নি।

সংবাদ সম্মেলনে আরও ছিলেন বেসরকারি উন্নয়ন সংস্থা ক্রিশ্চিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশের (সিসিডিবি) নির্বাহী পরিচালক জুলিয়েট কেয়া মালাকার, স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান কামরুজ্জামান মজুমদার, এনার্জি অ্যান্ড পাওয়ারের সম্পাদক মোল্লা আমজাদ হোসেন প্রমুখ।