আ.লীগের শাম্মীর প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আপিল শুনানি ২ জানুয়ারি

প্রার্থিতা ফিরে পেতে বরিশাল-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী শাম্মী আহমেদের আবেদনে সাড়া দেননি চেম্বার আদালত। তবে এ বিষয়ে আপিল বিভাগে শুনানির জন্য আগামী ২ জানুয়ারি দিন নির্ধারণ করেছেন আদালত।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) আপিল বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন চেম্বার জজ  আদালত এ আদেশ দেন।

আদালতে শাম্মীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোমতাজ উদ্দিন ফকির, অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক ও ব্যারিস্টার হারুনুর রশিদ।

এর আগে গত ১৫ ডিসেম্বর দ্বৈত নাগরিকত্ব থাকায় ক্ষমতাসীন দলের এই প্রার্থীর মনোনয়ন ফরম বাতিল করে  নির্বাচন কমিশন (ইসি)।

পরে ইসির আপিল শুনানিতেও শাম্মী আহমেদের প্রার্থিতা বাতিল করা হয়। এপর তিনি হাইকোর্টে রিট  করেন।

তবে গত ১৮ ডিসেম্বর দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে শাম্মীর রিট খারিজ করে দেন হাইকোর্ট। এর ফলে হাইকোর্টেও প্রার্থিতা ফিরে পেতে ব্যর্থ হন তিনি। বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এরপর হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগের চেম্বার জজ আদালতে আবেদন জানান শাম্মী আহমেদ। সেই আবেদনের শুনানি নিয়ে শাম্মী আহমেদের রিট খারিজ করে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রাখেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। গত ১৯ ডিসেম্বর আপিল বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন চেম্বার জজ আদালত এ আদেশ দেন।