দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণতন্ত্রী পার্টির সব প্রার্থীকে অংশগ্রহণের সুযোগ প্রদানের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত।
প্রার্থীদের আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার (২৬ ডিসেম্বর) আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন।
আদালতে প্রার্থীদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. মোমতাজ উদ্দিন ফকির। নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন ব্যারিস্টার আশফাকুর রহমান।
গত ১২ ডিসেম্বর নির্বাচন কমিশনের (ইসি) উপসচিব মো. মাহবুব আলম শাহের স্বাক্ষরিত চিঠিতে গণতন্ত্রী পার্টির প্রার্থীদের মনোনয়নপত্র বাতিলের কথা জানানো হয়। ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের অন্যতম শরিক এই দলের ১২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
চিঠিতে বলা হয়, গণতন্ত্রী পার্টির সভাপতি ও সাধারণ সম্পাদক পৃথকভাবে ইসিতে কমিটির নাম দাখিল করেছেন। সেগুলো নামঞ্জুর করেছে ইসি। সুতরাং গণতন্ত্রী পার্টি নামে রাজনৈতিক দলের অনুমোদিত কোনও কমিটি বিদ্যমান নেই। এর পরিপ্রেক্ষিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ দলের প্রার্থীদের জমা দেওয়া মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত হয়। এর বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন প্রার্থীরা। রিটের শুনানি নিয়ে প্রার্থীদের নির্বাচনে সুযোগ দেওয়ার নিদেশ দেন হাইকোর্ট। পরে ওই আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে আবেদন করে ইসি।
আরও পড়ুন...
গণতন্ত্রী পার্টির সবার প্রার্থিতা বাতিলের নির্দেশ