রাজধানীতে টহল দিচ্ছে দেড় শতাধিক প্লাটুন বিজিবি

নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষার অংশ হিসেবে রাজধানীতে দেড় শতাধিক প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবির সদস্যরা ঢাকার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে টহল দিচ্ছেন।

শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির জনসংযোগ বিভাগের কর্মকর্তা মেজর আসিক ইকবাল।

তিনি জানান, আইনশৃঙ্খলা রক্ষার অংশ হিসেবে ঢাকা শহরে দেড় শতাধিক প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। তারা সকাল থেকে কমলাপুর ও মেট্রোরেল স্টেশন, বাংলাদেশ সচিবালয়ের সামনে ছাড়াও বিভিন্ন স্থানে টহল দিচ্ছে।

এদিকে শুক্রবার (২৯ ডিসেম্বর) বিজিবির মিডিয়া বিভাগের পক্ষ থেকে জানানো হয়, সারা দেশে এক হাজার ১৫১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।