মৎস্য অধিদফতরের নতুন মহাপরিচালক সৈয়দ মো. আলমগীর

শনিবার (৩০ ডিসেম্বর) মৎস্য অধিদফতরের ২০তম মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সৈয়দ মো. আলমগীর।

দায়িত্বভার গ্রহণ করে তিনি ধানমন্ডির বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পুস্পস্তবক অর্পণ শেষে তিনি মৎস্য অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে বিশেষ মোনাজাতে অংশ নেন এবং জাতির পিতাসহ তার পরিবারের শাহাদত বরণকারী সকল সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করেন।

এরপর সৈয়দ মো. আলমগীর মৎস্য অধিদফতরের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন।

এ সময় তিনি বলেন, ডিজি কোনও ব্যক্তি নয়, এ পদটি নিজেই একটি প্রতিষ্ঠান। সকলের আন্তরিক সহযোগিতায় এ প্রতিষ্ঠান সুনামের সহিত আরও এগিয়ে যাবে। শুধু বাংলাদেশেই নয়, বিশ্বজুড়ে এ প্রতিষ্ঠানের  সুনাম ছড়িয়ে পড়বে।

মৎস্য অধিদফতরের নতুন মহাপরিচালক সৈয়দ মো. আলমগীর আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখেছিলেন সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার। তাঁরই পথ অনুসরণ করে তাঁর সুযোগ্য কন্যা শেখ হাসিনা প্রত্যয় ব্যক্ত করেছেন ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার। আমি আশা করি আমরা আমাদের মেধা ও যোগ্যতাকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে তার আগেই বাংলাদেশ স্মার্ট দেশে পরিণত হবে।

দায়িত্ব প্রদান করায় এ সময় প্রধানমন্ত্রী, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী, সচিব এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সৈয়দ মো. আলমগীর।