জিকে শামীম ও তার মায়ের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের নতুন তারিখ

দুর্নীতি দমক কমিশনের (দুদক) দায়ের করা অবৈধ সম্পদ ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ক্যাসিনোকাণ্ডে আলোচিত ঠিকাদার জিকে শামীম ও তার মা আয়েশা আক্তারের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের তারিখ পিছিয়েছে। সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ৭ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

বুধবার (৩ জানুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত ৪ এর বিচারক সৈয়দ আরাফাত হোসেনের আদালতে মামলাটি সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। কিন্তু এ দিন কোনও সাক্ষী আদালতে হাজির হয়নি। জি কে শামীমকেও কারাগার থেকে আদালতে হাজির করেনি কারা কর্তৃপক্ষ। এ জন্য বিচারক সাক্ষ্য গ্রহণের তারিখ পিছিয়ে নতুন দিন ধার্য করেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী বেলাল হোসাইন এসব তথ্য জানান।

জানা গেছে, ২০১৯ সালের ২১ অক্টোবর জি কে শামীম ও তার মা আয়েশা আক্তারের বিরুদ্ধে ২৯৭ কোটি ৮ লাখ ৯৯ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১ এ সংস্থাটির উপ-পরিচালক মো. সালাহউদ্দিন বাদী হয়ে মামলা দায়ের করেন।

২০২১ সালের ১৭ জানুয়ারি দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. সালাহউদ্দিন আদালতে অভিযোগপত্র জমা দেন। পরের বছর ১৮ অক্টোবর তাদের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।