যশোর, সাভার ও ঢাকায় সেনাবাহিনীর কার্যক্রম পরিদর্শন সেনাপ্রধানের

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর অঞ্চলে মোতায়েন করা সেনাবাহিনীর কার্যক্রম পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) তিনি যশোরে পরিদর্শনে যান।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, দ্বাদশ জাতীয় নির্বাচন উপলক্ষে ‘ইন এইড টু দি সিভিল পাওয়ার’ এর আওতায় অসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের জন্য মোতায়েন করা সেনাবাহিনীর কার্যক্রম পরিদর্শন করেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

পরিদর্শনের সময় তিনি মোতায়েন করা সেনা সদস্যদের কার্যক্রম সরেজমিন প্রত্যক্ষ করার পাশাপাশি কর্তব্যরত সেনা সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন ও প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেন।

এ সময় জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার যশোর এরিয়া ছাড়াও সেনাসদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা এবং স্থানীয় অসামরিক প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

যশোর অঞ্চল পরিদর্শন শেষে সেনাবাহিনী প্রধান সাভার ও ঢাকায় মোতায়েন করা সেনা সদস্যদের কার্যক্রম পরিদর্শন ও প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন। 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ইন এইড টু দি সিভিল পাওয়ার’ এর আওতায় গতকাল (৩ জানুয়ারি) হতে অসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের জন্য দেশব্যাপী সেনাবাহিনী মোতায়েন করা হয়।