গণতান্ত্রিক শাসনব্যবস্থা সমুন্নত রাখতে রবিবার (৭ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে দেশের প্রাপ্তবয়স্ক নাগরিকদের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। শনিবার (৬ জানুয়ারি) এক বিবৃতিতে ভোটারদের এ আহ্বান জানান কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ।
তিনি বলেন, ‘আশা করছি, রবিবার অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে দেশের সব ভোটার তাদের পছন্দের প্রার্থীদের ভোট দেবেন। নির্বাচন কমিশন ইতোমধ্যেই একটি সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করার জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে।’
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ভোটারদের নিরাপদে ভোটদানে সহায়তার জন্য কমিশন থেকে আহ্বান জানানো হয়েছে। ধর্মীয় সংখ্যালঘু, ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী এবং বৃদ্ধ ও প্রতিবন্ধী ভোটারদের পর্যাপ্ত নিরাপত্তার সঙ্গে ভোটদানে সহায়তা দিতে বিশেষ অনুরোধ জানান মানবাধিকার কমিশনের চেয়ারম্যান।
নির্বাচনকালীন ভোটাধিকার সুরক্ষা পর্যবেক্ষণের লক্ষ্যে কমিশন ইতোমধ্যেই প্রস্তুতি সম্পন্ন করেছে। কমিশনের চেয়ারম্যানসহ প্রতিনিধিদল ভোট দান পর্যবেক্ষণের জন্য রবিবার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করবেন বলে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।