রাজধানীর মতিঝিল থানায় অর্থপাচার প্রতিরোধ আইনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক ব্যক্তিগত সহকারী (এপিএস) মিয়া নুরউদ্দিন আহমেদ অপুসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির তারিখ পিছিয়েছে। আগামী ৩০ জানুয়ারি শুনানির দিন ধার্য করেছেন আদালত।
বুধবার (১০ জানুয়ারি) শুনানি শেষে ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম এই তারিখ ধার্য করেন।
এদিন মামলার অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল। কিন্তু আসামি অপু অসুস্থ থাকায় কারাগার থেকে তাকে আদালতে হাজির করেননি কারা কর্তৃপক্ষ। এ জন্য বিচারক শুনানির তারিখ পিছিয়ে আগামী ৩০ জানুয়ারি ধার্য করেন।
সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী আজাদ রহমান এ তথ্য জানান।
মামলার অপর আসামিরা হলেন– হুন্ডি ব্যবসায়ী আতিকুর রহমান আতিক, নাফিজ ইউনাইটেড করপোরেশনের ম্যানেজার ও স্বত্বাধিকারী মাহমুদুল হাসান ওরফে ফেরদৌস, তার ভাগ্নে এ এম আলী হায়দার ওরফে নাফিজ, আমেনা এন্টারপ্রাইজ অ্যান্ড সার্ভিসের ম্যানেজার জয়নাল আবেদীন ও কর্মচারী আলমগীর হোসেন ও ফায়েজুর রহমান।
২০১৮ সালের ২৪ ডিসেম্বর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) মতিঝিলের সিটি সেন্টারের একটি অফিসে অভিযান চালিয়ে সেখানে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ অর্থ উদ্ধার করে। অভিযোগ ওঠে, তৎকালীন নির্বাচনকে প্রভাবিত করতে ওই অর্থ মজুত করা হয়েছিল।
ওই ঘটনায় র্যাব-৩ এর নায়েব সুবেদার ইব্রাহিম হোসেন মতিঝিল থানায় অর্থপাচার প্রতিরোধ আইনে মামলা দায়ের করেন।
২০২১ সালের ১৩ জুন মামলাটি তদন্ত শেষে সাত জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইমের পরিদর্শক ইব্রাহিম হোসেন।