নতুন সরকার দ্রব্যমূল্যের সিন্ডিকেট রুখে দেবে: মেয়র তাপস

বাজার নিয়ন্ত্রণে রাখতে আওয়ামী লীগ নেতৃত্বাধীন নতুন সরকার দ্রব্যমূল্য বাড়ানোর সিন্ডিকেটকে রুখে দিবে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। তিনি বলেন, ‘বাজার নিয়ন্ত্রণে রাখতে দেশের ১ কোটি মানুষকে টিসিবির ফ্যামিলি কার্ড দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিন্ডিকেটের কারসাজি রোধ করেছেন এবং নতুন সরকার গঠনের পর কারসাজির সঙ্গে জড়িতদেরও কঠোর শাস্তির আওতায় এনে রুখে দেওয়া হবে।’

বুধবার (১০ জানুয়ারি) দুপুরে নগরীর কাপ্তান বাজার এলাকায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে মেয়র তাপস এ মন্তব্য করেন।

সিন্ডিকেটের কারসাজি রোধে নতুন সরকার আরও কঠোর হবে জানিয়ে ডিএসসিসি মেয়র বলেন, ‘এবার সরকার গঠন করার পরে আমরা এ ব্যাপারে আরও কঠোর হবো। যারা কারসাজি করে, তদন্ত করে তাদের আইনের আওতায় নিয়ে এসে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে। একমাত্র জননেত্রী শেখ হাসিনাই এসব সিন্ডিকেটের মাথা ভেঙে দিয়ে তাদের নির্মূল করতে পারবেন। যেভাবে তিনি যুদ্ধাপরাধীদের বিচার করেছেন, সেভাবে এসব সিন্ডিকেটকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করে বিচারের আওতায় নিয়ে আসলে দ্রব্যমূল্যের দাম সবার জন্য সহনশীল পর্যায়ে চলে আসবে।’

মেয়র এ সময় বলেন, ‘বাজারকে নিয়ন্ত্রণ করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন সিন্ডিকেট মাথাচাড়া দিয়ে ওঠে। কারসাজি করে কোনও সময় পেঁয়াজ, কখনও আলু, কখনও ডিমের মতো নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য বাড়ানোর চেষ্টা করে। একমাত্র জননেত্রী শেখ হাসিনা টিসিবির মাধ্যমে এক কোটি মানুষকে ফ্যামিলি কার্ড দিয়ে ন্যায্যমূল্যে খাবার বিতরণ করে সিন্ডিকেটের এ কারসাজিকে প্রতিরোধ করে চলেছেন।’

৩৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আহমেদ ইমতিয়াজ মন্নাফীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী ও করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান বক্তব্য দেন।