২০২৩ সালে ৯ হাজার ৯৩৯ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশের এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এসময় তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৬ জানুয়ারি) সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, র্যাব প্রতিষ্ঠান পর থেকে এখন পর্যন্ত মাদকবিরোধী অভিযানে দেড় লাখের মতো মাদক ব্যবসায়ী ও মাদকের সঙ্গে জড়িত অপরাধী গ্রেফতার করেছে। একই সময়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে। উদ্ধার করা এসব মাদকের আনুমানিক মূল্য প্রায় ৬ হাজার কোটি টাকা।
২০২৩ সালে সারা দেশে ৪৪৫৩টি অভিযান পরিচালনা করে র্যাব। এসময় ৯ হাজার ৯৩৯ মাদক ব্যবসায়ীকে আইনের আওতায় আনা হয়। এসব অভিযানে উদ্ধার করা হয় ৯৫ লাখ ২৯ হাজার ৪১৯ পিস ইয়াবা, ১২৭ দশমিক ২৫ কেজি হেরোইন, ১ লাখ ২৩ হাজার ৫৪ বোতল ফেনসিডিল, ১৪ হাজার ৭০০ বোতল বিদেশি মদ, ৭৮ হাজার ২৪২ দশমিক ৩৮ লিটার চোলাই মদ, ২৫ হাজার ৮৫৩ দশমিক ৩৫ কেজি গাঁজা, ৬ হাজার ৭৫৬ বোতল বিয়ার, ১১ দশমিক ৪৪৫ কেজি আফিম, ৭০ হাজার ৫২৭ পিস নেশা জাতীয় ইনজেকশন, ২ লাখ ১৮ হাজার ৯৮৩ পিস ড্রাগ ট্যাবলেটসহ অন্যান্য মাদক দ্রব্য।