বনানীতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

রাজধানীর বনানীতে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার নাম পরিচয় জানা যায়নি। অজ্ঞাতনামা পুরুষটির বয়স আনুমানিক ৪৫ থেকে ৫০ বছর হতে পারে। তার পরনে ছিল কালো জ্যাকেট, লাল গেঞ্জি ও কালো টাউজার।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুর দুইটার দিকে এ ঘটনা ঘটে।

ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক এএসআই সানু মং মারমা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ দুপুর দুইটার দিকে বনানী কবরস্থান এলাকায় রেললাইন দিয়ে অসতর্কভাবে হেঁটে যাচ্ছিলেন ওই ব্যক্তি। যাওয়ার সময় পেছনে ঢাকা কমলাপুর থেকে ছেড়ে আসা বনলতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারান। খবর পেয়ে সেখান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে বলেও জানান এএসআই।