রাজধানীর দক্ষিণখানে সহকর্মীর মারধরে মো. সজিব (১৭) নামে এক পোশাককর্মী নিহত হয়েছেন বলে অভিযোগ করেছেন স্বজনরা। শনিবার (২৭ জানুয়ারি) সকালে বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সজিব কিশোরগঞ্জ জেলার কটিয়াদি উপজেলার ডাঙ্গেরগাও গ্রামের শাহেদ আলীর ছেলে। বর্তমানে দক্ষিণ খান মুন্সি মার্কেট এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতো।
দক্ষিণ খান এলাকার ৪ নম্বর সেক্টর, ২ নম্বর রোডের ‘ফ্যাশন ডিজাইন’ নামে একটি পোশাক তৈরির কারখানার শ্রমিক ছিল সে। দুই বছর ধরে সেখানে কাজ করতো সজিব। এক ভাই দুই বোনের মধ্যে সে ছিল তৃতীয়। নিহত সজিবের বাবা একজন রিকশাচালক, মা বাসা-বাড়িতে কাজ করেন।
নিহতের বাবা শাহেদ আলী অভিযোগ করে বলেন, ‘আমার ছেলে সজিব ও মেয়ে ঝুমা ওই গার্মেন্টেসে কাজ করে। গত শুক্রবারে রাতে সজিবের কয়েকজন সহকর্মী তাকে ফোন করে ডেকেছিল, কিন্তু সেখানে সে যায়নি। শনিবার সকাল ৯টার দিকে সে কর্মস্থলে উদ্দেশে যায়। বটতলা গার্মেন্টসের সামনে যাওয়ামাত্র তারই সহকর্মী মাহিন তাকে পথরোধ করে কথা-কাটাকাটি করে এক পর্যায়ে কিল-ঘুষি মারতে শুরু করে। পরে সে অচেতন হয়ে পড়লে সে সটকে পড়ে।’
তিনি বলেন, পরে অন্যান্য সহকর্মীরা তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় এবং আমাদের সংবাদ দিয়ে বিষয়টি জানায়। আমরা ওই হাসপাতালে যাই। সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে সেখানে বেলা ১১টায় কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন।
ডিএমপির দক্ষিনখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সহকর্মীর কিল-ঘুষি, লাথিতে ছেলেটি মারা গেছেন। মরদেহ ঢামেক মর্গে রয়েছে। আমরা সেখানে টিম পাঠিয়েছি। এদিকে হত্যাকারীকে গ্রেফতারের জন্য অভিযান চালাচ্ছি। আশা করছি তাকে গ্রেফতার করতে সক্ষম হবো।