মাথায় ইট পড়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু: হাইকোর্টের রুল

রাজধানীর মগবাজারে মাথায় ইট পড়ে নিহত ব্যাংক কর্মকর্তা দীপান্বিতা বিশ্বাস দীপার (দিপু সানা) মৃত্যুর ঘটনা বিবাদীদের নিস্ক্রিয়তা কেন বেআইনি হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। মামলার বিবাদীদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

এ সংক্রান্ত রিটের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার (২৯ জানুয়ারি) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। এ সময় আদালত বলেছেন, এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। তদন্ত চলমান। এখনই অন্তর্বর্তীকালীন আদেশ দেওয়া হবে না।

আদালতে রিটের পক্ষের শুনানিতে ছিলেন অ্যাডভোকেট ছফওয়ান করিম।

এর আগে রাজধানীর মগবাজারে মাথায় ইট পড়ে নিহত ব্যাংক কর্মকর্তা দীপান্বিতা বিশ্বাস দীপার মৃত্যুর ঘটনা তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ও তার পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় অ্যাডভোকেট মোশারফ হোসেন জনস্বার্থে এ রিট দায়ের করেন।

রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিব, রাজউকসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

প্রসঙ্গত, গত ১০ জানুয়ারি মাথায় ইট পড়ে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা দীপান্বিতা বিশ্বাস দীপা (দিপু সানা) মারা গেছেন। ঢাকার সিদ্ধেশ্বরী এলাকায় রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় উঁচু ভবন থেকে তার মাথায় একটি ইট পড়লে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন তিনি। এ সময় তার মাথা থেকে ব্যাপক রক্তক্ষরণ হয়।

রমনা থানার উপপরিদর্শক মোফাজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, বাংলাদেশ ব্যাংকের সদরঘাট অফিস থেকে বাড়ি ফেরার পথে শান্তিনগর এলাকায় বাস থেকে নামেন সানা। সন্ধ্যা ৬টার দিকে শান্তিনগর থেকে পায়ে হেঁটে মগবাজারের বাসায় যাওয়ার পথে সিদ্ধেশ্বরীর ফখরুদ্দীন পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।

এস আই মোফাজ্জল জানান, ওই এলাকার একটি ভবন থেকে ইটের টুকরা পড়ে তার মাথায় গুরুতর আঘাত লাগে। স্থানীয়রা তাকে ডা. সিরাজুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।