দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রতিরোধে ব্যবস্থা নিতে পুলিশ কর্মকর্তাদের আইজিপির নির্দেশ

আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, একটি চক্র সিন্ডিকেট করে দ্রব্যমূল্য বাড়াতে চায়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রতিরোধে সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) পুলিশ সদর দফতরে ২০২৩ সালের ডিসেম্বর মাসের অপরাধ পর্যালোচনা সভায় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের এ নির্দেশ দেন তিনি।

আইজিপি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার ক্ষেত্রে পুলিশ পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনে সক্ষম হয়েছে। পুলিশ এখন যেকোনও চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম। ফলে পুলিশের প্রতি জনগণের আস্থা, বিশ্বাস ও প্রত্যাশার মাত্রা বেড়ে গেছে। জনগণের প্রত্যাশা পূরণে আরও নিষ্ঠার সঙ্গে পুলিশকে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। একই সঙ্গে গুরুত্বপূর্ণ মামলা নিয়মিত মনিটরিংয়ের মাধ্যমে দ্রুত নিষ্পত্তির জন্য নির্দেশনা প্রদান করেন। মামলায় সাজার হার বাড়ায় সন্তোষ প্রকাশ করা হয়।

সভায় অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. কামরুল আহসান, অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. আতিকুল ইসলাম, পিবিআই'র অতিরিক্ত আইজিপি বনজ কুমার মজুমদার, সিআইডি'র অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া, ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ সকল মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ও ডিআইজিরা এবং পুলিশ সদর দফতরের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলার পুলিশ সুপাররা অনলাইনে সভায় যুক্ত ছিলেন।

পুলিশ সদর দফতরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের এআইজি ইনামুল হক সাগর জানান, সভায় অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. আতিকুল ইসলাম গত ডিসেম্বর মাসের সার্বিক অপরাধ পরিস্থিতি সংক্রান্ত তথ্য উপস্থাপন করেন।