প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি, দুই আসামি ফের রিমান্ডে

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গুলি করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে গ্রেফতার দুই আসামির আবারও চার দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত।

রবিবার (৪ ফেব্রুয়ারি) শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিনের আদালত এই আদেশ দেন। রিমান্ডে যাওয়া দুই আসামি হলেন—দীন ইসলাম ওরফে বাদল ও কবির হোসেন দেওয়ান।

উল্লেখ্য, বাংলা ও ইংরেজি ভাষায় লিখিত বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গুলি করে হত্যার নির্দিষ্ট সময় ও তারিখ উল্লেখ করে ২০২৩ সালের ১৭ এপ্রিল বিকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগে ইমেইল করে আসামিরা।

রবিবার মামলার তদন্ত কর্মকর্তা সিটিটিসির সাব-ইন্সপেক্টর আতিকুর রহমান রমনা মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনের মামলায় পাঁচ দিনের রিমান্ড শেষে আসামিদের আদালতে হাজির করে আবারও সাত দিনের রিমান্ডের আবেদন করেন।

আসামি দীন ইসলামের পক্ষে আইনজীবী মুয়াবিয়া বেগম দৃষ্টি এবং কবীর হোসেনের পক্ষে আইনজীবী মোসলেহ উদ্দিন জসিম রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত আসামিদের চার দিনের রিমান্ডের আদেশ দেন।

রমনা মডেল থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার সাব-ইন্সপেক্টর নিজাম উদ্দিন ফকির রিমান্ডের তথ্য নিশ্চিত করেন।

গত ২৯ জানুয়ারি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনের রাস্তা থেকে আসামিদের গ্রেফতার করে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) একটি টিম। এরপর গত ৩০ জানুয়ারি তাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

আরও পড়ুন:

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি, সৌদি যুবদলের ২ নেতা গ্রেফতার