লন্ডনে ব্রিটিশ বাংলাদেশি সলিসিটরসের এজিএম অনুষ্ঠিত

ইংল্যান্ড ও ওয়েলসে বসবাসরত ব্রিটিশ বাংলাদেশি সলিসিটরদের (আইনজীবী) সংগঠন সোসাইটি অব ব্রিটিশ বাংলাদেশি সলিসিটরসের (এসবিবিএস) ১৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও গালা ডিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় লন্ডনের দ্যা ল’ সোসাইটি হলে এই আয়োজন অনুষ্ঠিত হয়।

এসবিবিএস-এর সভাপতি ফরিদা হাকিম বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন। যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আসা সলিসিটরদের উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের সভাপতি লর্ড রিড, সাবেক সভাপতি লর্ড ফিলিসপস, কিংস বেঞ্চ ডিভিশনের সভাপতি ডেম ভিক্টোরিয়া শার্প, হাইকোর্টের বিচারপতি স্যার রবিন নোয়েলস, স্যার আখলাক চৌধুরী, উপ-বিচারপতি খাতুন সাপনারা, ল সোসাইটির সহ-সভাপতি রিচার্ড আটকিন্সন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি ইমান আলী ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির প্রমুখ।

উল্লেখ্য, সোসাইটি অব ব্রিটিশ বাংলাদেশি সলিসিটরস ১৫ বছর আগে ইংল্যান্ড ও ওয়েলস-এর দ্যা ল’ সোসাইটি হলে সুপ্রিম কোর্টের তৎকালীন সভাপতি লর্ড ফিলিসপস-এর উপস্থিতিতে যাত্রা শুরু করে। এরপর থেকেই সংগঠনটি সদস্যদের স্বার্থরক্ষায় এবং যুক্তরাজ্যে আইনি পেশায় নিয়োজিত ব্রিটিশ-বাংলাদেশিদের জন্য কাজ করে যাচ্ছে।