রাজধানীর হাজারীবাগ ঝাউচর এলাকায় একতলা ভবনের ছাদ থেকে নিচে পড়ে মো. ইউনুছ মিয়া (৫০) নামের এক প্রাইভেটকার চালকের মৃত্যু হয়েছে।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
মৃতের চাচাতো ভাই মো. হোসাইন মিয়া বলেন, একতলার নির্মাণাধীন ছাদে বৈদ্যুতিক বাল্ব লাগাতে গিয়ে অসাবধানতাবশত উপর থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় সিকদার মেডিক্যালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে রাত পৌনে ১০টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত ইউনুছ বরিশাল জেলা আগৈলঝাড়া উপজেলার খাজুরিয়া গ্রামের মো. মালেক মিয়ার ছেলে। বর্তমানে হাজারীবাগ ঝাউচর পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন।