মতিঝিল আইডিয়াল কলেজের প্রকৌশলীর বিরুদ্ধে দুদকের মামলা

মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের উপ-সহকারী প্রকৌশলী মো. আতিকুর রহমান খানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার বিরুদ্ধে সাত কোটি ২৬ লাখ ৩৭ হাজার ৪৯ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলাটি দায়ের করেন দুদকের সহকারী পরিচালক মাহবুবুল আলম।

রবিবার (১৮ ফেব্রুয়ারি) এ তথ্য জানান দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম।

মামলার এজাহারে বলা হয়, বর্তমানে সাময়িক বরখাস্ত মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের উপ-সহকারী প্রকৌশলী মো. আতিকুর রহমান খানের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করা হয়। অনুসন্ধানে জানা যায়, তিনি ভিশন-৭১ ডেভেলপমেন্ট লিমিটেড নামের একটি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক। দুদকে দেওয়া সম্পদ বিবরণীতে তিনি এক কোটি ৭৪ লাখ ৫৩ হাজার ৩৫ টাকার সম্পদ গোপন করেছেন। জ্ঞাত আয় বহির্ভূত দুই কোটি ৩৫ লাখ এক হাজার ১৩৫ টাকার সম্পদ অর্জন ও দখলে রেখেছেন। এছাড়াও ৪৭টি ব্যাংক হিসাবে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে সাত কোটি ২৬ লাখ ৩৭ হাজার ৪৯ টাকার অবৈধ সম্পদ অর্জন করে দুর্নীতি দমন কমিশন আইন ও মানিলন্ডারিং প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। এ কারণে তার বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়।