নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা শুরু ২৪ মে

নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা শুরু হবে আগামী ২৪ মে। চার দিনব্যাপী এ মেলার ৩৩তম আসর বসবে জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে। আয়োজন করবে মুক্তধারা ফাউন্ডেশন।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মুক্তধারা ফাউন্ডেশনের উপদেষ্টা রোকেয়া হায়দার। চেয়ারপার্সনের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন তিনি।

রোকেয়া হায়দার বলেন, ‘যত বই তত প্রাণ’ শ্লোগানকে সামনে রেখে ২০২৪ বইমেলার আহ্বায়কের দায়িত্ব পালন করছেন সাংবাদিক ও লেখক হাসান ফেরদৌস। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকীর অনুষ্ঠান হবে মেলার অন্যতম প্রধান আকর্ষণ। সোশাল মিডিয়ার ভূমিকা নিয়ে থাকছে বিশেষ আলোচনা। অভিবাসীদের জীবনচরিত নিয়ে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্ছিত্র প্রদর্শন এবং অর্ধ শতাধিক লেখকের নতুন বইয়ের মোড়ক উন্মোচন ও বই পরিচিতিমূলক অনুষ্ঠান থাকবে। মেলার সিগনেচার অনুষ্ঠানে মুখোমুখি থাকবেন লেখক-পাঠক।’

মোট ৪০টি প্রকাশনা সংস্থা মেলায় অংশ নিচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশ থেকে ২৫টি, কোলকাতার পাঁচটি এবং নিউইয়র্কসহ আমেরিকা ও কানাডার ১০টি প্রকাশনা সংস্থা মেলায় অংশ নেবে। যুক্তরাষ্ট্রের ২০টির বেশি রাজ্য থেকে এবং কানাডা, জার্মান, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, সুইডেন ও জাপান থেকে শতাধিক লেখক মেলায় অংশগ্রহণ করবেন।’

তিনি আরও বলেন, ‘এবারের মেলায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা কবি কামাল চৌধুরী, সংস্কৃতি বিষয়ক সচিব খলিল আহমেদ, বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক কবি মিনার মনসুর, কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখরকে আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়া আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশ ও পশ্চিম বঙ্গের খ্যাতনামা সৃজনশীল প্রকাশকদের। এবারের নিউইয়র্ক বাংলা বইমেলা অনুষ্ঠিত হবে বাংলা ভাষা, সাহিত্য ও কৃষ্টির বিশ্বায়নে বঙ্গবন্ধু প্রদর্শিত দিক নির্দেশ অনুসরণ করে। প্রতিবারের মতো এবারও দেওয়া হবে মুক্তধারা-জিএফবি সাহিত্য পুরস্কার।’

সংবাদ সম্মেলনে আরও ছিলেন– মুক্তধারা ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ড. জিয়াউদ্দিন আহমেদ, কবি মুহাম্মদ নুরুল হুদা, ড. সৌমিত্র শেখড়, একুশে পদকপ্রাপ্ত ছাড়াকার লুৎফর রহমান রিটন, বাংলাদেশ পুস্তক প্রকাশনা বিক্রেতা সমিতির সভাপতি আলমগীর শিকদার লোটন, সময় প্রকাশনীর প্রকাশক ফরিদ আহমেদ, অনিন্দ্য প্রকাশনীর প্রকাশক দেলোয়ার হোসেন, অনন্যা প্রকাশনীর প্রকাশক মনিরুল হক, কবি সৈয়দ আল ফারুক।