খালেদা জিয়ার উপদেষ্টা ঢালীর জামিন, কারামুক্তিতে বাধা নেই

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আতাউর রহমান ঢালীর বিরুদ্ধে রমনা মডেল থানার নাশকতার আরও এক মামলায় জামিনের আবেদন মঞ্জুর করেছেন আদালত। এ নিয়ে তার বিরুদ্ধে দায়ের হওয়া ৯টি মামলাতেই তিনি জামিন পেয়েছেন। এর ফলে তার কারামুক্তিতে বাধা রইলো না বলে জানিয়েছেন তার পক্ষের আইনজীবীরা। 

বৃহস্পতিবার (৭ মার্চ) বিকালে শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিনের আদালত এই আদেশ দেন।

গত ৬ মার্চ একই আদালত তার বিরুদ্ধে করা প্রধান বিচারপতির বাসভবনে হামলায় মামলাসহ পৃথক ৫ মামলায় জামিনের আবেদন মঞ্জুর করেন। 

ঢালীর জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন তার পক্ষের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ। তিনি আরও বলেন, তার বিরুদ্ধে মোট ৯টি মামলা হয়। আজ এক মামলায় জামিন মঞ্জুর করেন আদালত। গত বুধবার পাঁচ মামলায় জামিন পান তিনি। এর আগে নিম্ন আদালত থেকে দুটি ও উচ্চ আদালত থেকে একটি মামলায় জামিন পান তিনি। সব মামলায় জামিন হওয়ায় তার মুক্তিতে বাধা নেই। আশা করছি, শুক্রবার তিনি কারামুক্ত হবেন।

২০২৩ সালের ২১ নভেম্বর দুপুর ২টার দিকে মোহাম্মদপুর থেকে আতাউর ররহমান ঢালীকে গ্রেফতার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে আছে।