ভবিষ্যৎ গঠনে তরুণ নারী উদ্যোক্তাদের পাশে সেভ দ্য চিলড্রেন

ভবিষ্যৎ গঠনে তরুণ নারী উদ্যোক্তাদের পাশে দাড়িয়েছে সেভ দ্য চিলড্রেন। এক বর্ণাঢ্য গালা ইভেন্ট, উদ্যোক্তা মেলা ও গার্ল টক উইথ লিডার্স শীর্ষক সংলাপ আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস ২০২৪ উদযাপন করেছে উন্নয়ন সংস্থাটি। এ বিষয়ে মঙ্গলবার ( ১২ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন সংস্থাটির জনসংযোগ শাখার জ্যেষ্ঠ ব্যবস্থাপক  আশফাক জামান।

বাংলাদেশে নেদারল্যান্ডস দূতাবাসের সহায়তায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) কমপ্লেক্সে রবিবার (১০ মার্চ) থেকে শুরু হওয়া দুই দিন ব্যাপী এ আয়োজন শেষ হয়েছে সোমবার (১১ মার্চ)।

নারীদের ভবিষ্যতে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে সকলের বিনিয়োগ বাড়ানোর উদ্দেশ্যে এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে। গার্ল টক উইথ লিডার্স-এর মাধ্যমে সমাজের চিন্তাবিদ ও অংশীদারদের সঙ্গে নারীদের যুক্ত করেছে সংস্থাটি। যাতে তাদের অগ্রগতি ত্বরান্বিত হয়।

এই আয়োজনে আরও ছিল “এন্ট্রাপ্রেনার্স কার্নিভ্যাল”। সেভ দ্য চিলড্রেন-এর এডুকেশন ফর ইয়ুথ এমপাওয়ারমেন্ট (EYE-আই) প্রোগ্রামের সহায়তায় নারী-নেতৃত্বাধীন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের পণ্য ও সেবা প্রদর্শন করা হয়েছে।

প্রোগ্রামটি তরুণদের কর্মশক্তিতে সফল হতে ও তাদের কাঙ্ক্ষিত ক্ষেত্রগুলো এগিয়ে নেওয়ার জন্য প্রয়োজনীয় সহায়তা সরঞ্জাম সরবরাহ করেছে। এছাড়া তাদের জন্য বৃত্তিমূলক প্রশিক্ষণ ও ব্যবহারিক দক্ষতার ওপর জোর দিয়েছে। সেই সঙ্গে যথাযথ অর্থ বা পুঁজির যোগান, বাজারের সাথে সংযোগ ও তাদের কাঙ্ক্ষিত ক্রেতাদের কাছে পৌঁছানোর উপরও গুরুত্ব দিয়েছে।

আই প্রোগ্রাম, শিশুদের জন্য ও এইচআইভি/এইডস, অরেঞ্জ কর্নার বাংলাদেশ ও নেদারল্যান্ডস দূতাবাসের অর্থায়নে পরিচালিত জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির উইং প্রকল্পের আনন্দমেলা ও ডটলাইন্সের মত প্রতিষ্ঠান এই মেলায় ছিল।

সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশ-এর কান্ট্রি ডিরেক্টর সুমন সেনগুপ্তর স্বাগত বক্তব্যের মাধ্যমে এই অনুষ্ঠানটি শুরু হয়েছে। পরে বাংলাদেশে মেয়ে ও নারীদের জন্য বিনিয়োগের অগ্রগতি, তাদের ক্ষমতায়নের জন্য নীতি ও আইনি কাঠামো এবং জেন্ডার-প্রতিক্রিয়াশীল বাজেটের একটি সামগ্রিক চিত্র উপস্থাপন করেন সংস্থাটির ইনভেস্টমেন্ট ইন চিলড্রেন অ্যাডভাইজার মো. জাফর সাদিক।

তারপর বাংলাদেশের ৬৪টি জেলার ১৮ হাজার জন নারী নিয়ে পরিচালিত সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশ-এর একটি জরিপে তাদের আকাঙ্ক্ষা এবং তাদের অগ্রগতির জন্য প্রয়োজনীয় সহায়তার ধরন বোঝানোর জন্য বিস্তারিত ব্যাখ্যা করেন জেন্ডার ইকুয়ালিটি অ্যান্ড সোশ্যাল ইনক্লুশন অ্যাডভাইজার শামীমা আক্তার শাম্মী।

আই’র ডেপুটি ডিরেক্টর নিশাত আফরোজ মির্জার পরিচালনায় “গার্ল টক উইথ লিডার্স” শিরোনামে একটি প্যানেল আলোচনার আয়োজন করা হয়, সেখানে শিশু ও তরুণ-তরুণীদের সঙ্গে সরকার ও উন্নয়ন সংস্থার নেতৃবৃন্দের মধ্যে আলোচনা হয়।

আলোচনায় বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য অ্যারোমা দত্ত, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম, বাংলাদেশে নেদারল্যান্ডস দূতাবাস-এর সিনিয়র পলিসি অ্যাডভাইজার ও সোশ্যাল সেক্টর ফোকাল পয়েন্ট ফর এসআরএইচআর, জেন্ডার এন্ড ইয়ুথ মাশফিকা জামান সাটিয়ার, চাইল্ড পার্লামেন্ট-এর স্পিকার প্রপা মজুমদার নেহা ও সুমন সেনগুপ্ত অংশ নেন।