কুড়িগ্রাম-কুমিল্লায় দুদকের অভিযান

বিভিন্ন অভিযোগে দুটি সরকারি দফতরে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (২০ মার্চ) কুড়িগ্রামের আঞ্চলিক পাসপোর্ট অফিস এবং কুমিল্লা বাখরাবাদ গ্যাস অফিসে এ অভিযান চালানো হয়। একইসঙ্গে দুদকের প্রধান কার্যালয়ের এনফোর্সমেন্ট ইউনিট থেকে চারটি সরকারি দফতরে চিঠি পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, গ্রাহক হয়রানী ও ঘুষ দাবিসহ বিভিন্ন অভিযোগ পাওয়ার পর দুদকের কুড়িগ্রাম সমন্বিত জেলা কার্যালয় থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান চালানো হয়। অভিযানকালে দুদক টিমের সদস্যরা গ্রাহক বেশে অফিসের কার্যক্রম পর্যবেক্ষণ করে। এ সময় দুদক সদস্যরা একজন দালালকে হাতেনাতে সেবাগ্রহিতার কাছ থেকে গ্রহণরা টাকাসহ আটক করেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ওই দালালকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।

তিনি বলেন, ‘অভিযানকালে দুদক সদস্যরা পাসপোর্ট অফিসের কয়েক জন কর্মচারীর সঙ্গে দালালদের যোগসাজশের তথ্য পান। এসব তথ্য ও অভিযোগ সংশ্লিষ্ট কর্মচারীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও পাসপোর্ট অফিস কর্তৃপক্ষ দুদক সদস্যদের আশ্বস্ত করেন।’

মো. আকতারুল ইসলাম বলেন, ‘কুমিল্লার বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির চান্দিনা উপজেলার কুটুম্বপুর ও মুরাদনগর গ্রামে অবৈধভাবে গ্যাস সংযোগ দেওয়ার অভিযোগের দুদকের কুমিল্লা সমন্বিত জেলা কার্যালয় থেকে এনফোর্সমেন্ট অভিযান চালায় হয়। অভিযানকালে দুদক টিমের সদস্যরা স্থানীয়দের সঙ্গে কথা বলে অবৈধভাবে গ্যাস সংযোগ দেওয়ার সত্যতা পেয়েছেন। টিম জানতে পারে, বিভিন্ন সময়ে বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সহায়তায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করে টিম কমিশনে বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।’