আইপিইউ সেক্রেটারি জেনারেলের সঙ্গে স্পিকারের বৈঠক

সুইজারল্যান্ডের জেনেভায় ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৪৮তম অ্যাসেম্বলিতে যোগ দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। সম্মেলনের ফাঁকে আইপিইউ সেক্রেটারি জেনারেল মার্টিন চুংগংয়ের আমন্ত্রণে তার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন স্পিকার।

শনিবার (২৩ মার্চ) দুপুরে অনুষ্ঠিত এই বৈঠকে তারা বাংলাদেশে অনুষ্ঠিত আইপিইউ সম্মেলন, ওয়ার্ল্ড স্পিকার সামিটসহ দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।  ড. শিরীন শারমিন চৌধুরী এমপিকে ধারাবাহিকভাবে চতুর্থবারের মতো বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান আইপিইউ সেক্রেটারি জেনারেল।

মার্টিন চুংগং এসময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশে অনুষ্ঠিত আইপিইউ সম্মেলনের কথা স্মরণ করে ভূয়সী প্রশংসা করেন এবং  ২০২৫ সালে জেনেভায় অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড স্পিকার সম্মেলনের প্রিপারেটরি কমিটিতে সদস্য হিসেবে যোগ দেওয়ার জন্য অনুরোধ জানান। শিরীন শারমিন চৌধুরী আইপিইউ সেক্রেটারি জেনারেলকে এ প্রস্তাব প্রদানের জন্য ধন্যবাদ জানান এবং ওয়ার্ল্ড স্পিকার সম্মেলনের প্রিপারেটরি কমিটিতে সদস্য হিসেবে যোগ দেওয়ার ব্যাপারে সম্মতি দেন।

শনিবার বিকালে সম্মেলনের প্রথম দিনে বিভিন্ন প্রোগ্রামে বাংলাদেশ সংসদীয় প্রতিনিধি দলের সদস্যরা অংশ নেন।  এপিএ সংক্রান্ত সভায় আখতারুজ্জামান এমপি ফিলিস্তিন ইস্যুতে বক্তব্য দেন।

এসময় সংসদীয় প্রতিনিধিদলের সদস্য হিসেবে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি, শফিকুল ইসলাম এমপি, মাহবুব উর রহমান এমপি, শাহাদারা মান্নান এমপি, নীলুফার আনজুম এমপি, এইচ এম বদিউজ্জামান এমপি, মো. মুজিবুল হক এমপি এবং  আখতারুজ্জামান এমপি উপস্থিত ছিলেন।