এমজিএইচ গ্রুপের সিইও আনিস আহমেদের বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এমজিএইচ গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আনিস আহমেদ গোর্কির বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (২৫ মার্চ) বিকালে কমিশনের এক বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দুদক সচিব খোরশেদা ইয়াসমিন।

দুদক সচিব জানান, ২০২২ সালের ২৮ ডিসেম্বর ১৩৬ কোটি ২ লাখ ৭৭ হাজার ৪০০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের অভিযোগ এনে মামলাটি দায়ের করেছিলেন দুদকের উপ-পরিচালক সৈয়দ নজরুল ইসলাম। দীর্ঘ তদন্ত শেষে তিনি কমিশনের নিকট প্রতিবেদন দাখিল করেন। যাচাই-বাছাই শেষে কমিশন চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছেন।

অভিযোগপত্রে বলা হয়, এমজিএইচ গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আনিস আহমেদ গোর্কির বিরুদ্ধে অসৎ উদ্দেশ্যে ব্যক্তি স্বার্থে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য অসাধু উপায়ে অর্জিত ১৩৬ কোটি ২ লাখ ৭৭ হাজার ৪০০ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও নিজ ভোগ দখলে রেখেছেন। এ সম্পদ হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করায় দুর্নীতি দমন কমিশন আইন এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করা হয়। তদন্তে এ টাকার বিপরীতে এমজিএইচ গ্রুপের অধীন বিভিন্ন কোম্পানি থেকে আয়, সি ফ্রেইট বিজনেস ও আউটসোর্সিং সফটওয়্যার সাবস্ক্রিপশন ফি থেকে মোট ১১৮ কোটি ৮০ লাখ ৬ হাজার ৬২১ টাকার গ্রহণযোগ্য আয়ের উৎস পাওয়া যায়। বাকি ১৭ কোটি ২২ লাখ ৭০ হাজার ৭৭৯ টাকার বৈধ কোনও উৎস পাওয়া যায়নি। আনিস আহমেদ অসৎ উদ্দেশ্যে ব্যক্তি স্বার্থে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য অসাধু উপায়ে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও নিজ ভোগ দখলে রাখায় দুদক আইন ও মানিলন্ডারিং প্রতিরোধ আইনে তার বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন দেওয়া হয়।