সাভারে লরি উল্টে ৫ গাড়িতে আগুন: দগ্ধ আরও একজনের মৃত্যু

ঢাকার সাভারের হেমায়েতপুরে তেলবাহী লরি উল্টে পাঁচটি গাড়িতে আগুনের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। তার নাম নজরুল ইসলাম (৪৫)। মঙ্গলবার (২ এপ্রিল) শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বার্ন ইনস্টিটিউটে আবাসিক সার্জন মো. তরিকুল ইসলাম এ তথ্য জানান।   

নজরুল ইসলাম আড়ত ব্যবসায়ী ছিলেন। এ দুর্ঘটনায় ইকবাল (২০) নামে এক ট্রাক হেলপার ঘটনাস্থলেই মারা যান। এছাড়া আট জন দগ্ধ হয়ে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।

দগ্ধরা হলেন– তরমুজবাহী ট্রাকের হেলপার মো. হেলাল হাওলাদার (৩০), একই ট্রাকের হেলপার মো. সাকিব (১৫), ব্যবসায়ী নিরঞ্জন রায় (৪৫) ব্যবসায়ী আলামিন (৩৫) ও তার মেয়ে মিম (১০), সিমেন্টবাহী ট্রাকের চালক আলামিন (২২), লেবার লিমন মোল্লা (২২), প্রাইভেটকার চালক আব্দুস সালাম (৩৫)

তরিকুল ইসলাম বলেন, ‘হেলাল ও সাকিবের শরীরের শতভাগ দগ্ধ হয়েছে। এছাড়া নিরঞ্জনের ৮ শতাংশ, আলামিনের ১০ শতাংশ, মিমের ২০ শতাংশ, আলামিনের ১৫ শতাংশ, লিমনের ৪৫ শতাংশ এবং আব্দুস সালামের শরীরের ৫ শতাংশ দগ্ধ হয়েছে।

তিনি বলেন, ‘দগ্ধদের মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকিদের অবজারভেশনে রাখা হয়েছে।’

এর আগে, মঙ্গলবার ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন...

সাভারে লরি উল্টে ৫ গাড়িতে আগুন, দগ্ধ ৮ জন বার্ন ইনস্টিটিউটে

তেলবাহী লরি উল্টে ৫ গাড়িতে আগুন, প্রাণ গেলো একজনের