দেশ স্বাধীনের আগে নারীরা বাঁধা পড়েছিলেন সামাজিক বিভিন্ন বিধিনিষেধের বেড়াজালে। তখন ক্যামেরা হাতে দেশজুড়ে ঘুরে বেড়িয়েছিলেন এক তরুণী। নারীদের যাপিত জীবনের পাশাপাশি স্বাধিকার আন্দোলনে প্রতিবাদী নারীর ছবি তুলছেন তিনি। বঙ্গবন্ধু থেকে শুরু করে রানি এলিজাবেথ ও সত্যজিৎ রায়ের ছবিও তুলেছেন এই কিংবদন্তি আলোকচিত্রী সাইদা খানম।
আলোকচিত্রী সাহাদাত পারভেজের ‘একজন সাইদা খানম’ ও ডা. সারা ফাতিমা সম্পাদিত ‘সাইদা খানমের রচনা সংগ্রহ’ শিরোনামের বই দুটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
অনুষ্ঠানে ইতিহাসের অধ্যাপক মুনতাসীর মামুন, কিংবদন্তি আলোকচিত্রী পাভেল রহমান, বাংলা সাহিত্যের অধ্যাপক ভীষ্মদেব চৌধুরী, চিত্রশিল্পী অধ্যাপক মতলুব আলী, অভিনেত্রী ও ক্রীড়া সংগঠক আলেয়া ফেরদৌসী বক্তব্য দেন। বিশ্বসাহিত্য কেন্দ্রে এই অনুষ্ঠানে যুক্ত হন আলোকচিত্রীদের অনেকে।
অনুষ্ঠানে বলা হয়, বাংলাদেশের পথিকৃৎ নারী আলোকচিত্রী সাইদা খানম শুধু ছবি তোলেননি, ছিলেন একজন গুরুত্বপূর্ণ গল্পকারও। ১৯৪৯ সালে মাত্র ১২ বছর বয়সে সাপ্তাহিক বেগম পত্রিকায় প্রকাশিত হয়েছে তার প্রথম গল্প।
ইতিহাসবিদ, আলোকচিত্রীদের ভাষ্যে, পঞ্চাশ থেকে নব্বইয়ের দশকে কিংবদন্তি আলোকচিত্রী সাইদা খানম যে ছবিগুলো তুলেছেন, তা ইতিহাস ও সময়কে কতটা ধারণ করেছে, তার বিশ্লেষণ অধিকতর গুরুত্বপূর্ণ। তিনি কখন, কার ছবি কীভাবে তুলেছেন, তা ধর্তব্যে না নিতে অনুরোধ করেছেন তারা।
পাঠক সমাবেশ থেকে প্রকাশিত ১৯৩ পৃষ্ঠার ‘একজন সাইদা খানম’ বইটিতে সাহাদাত পারভেজ সাইদা খানমের ৬৪টি আলোকচিত্র, ৫টি চিঠি, ২টি স্কেচ, ৬টি প্রচ্ছদ, ১৫টি পেপার কাটিং, ১টি স্বহস্তে লেখা পাণ্ডুলিপি যুক্ত করেছেন। ৪৩টি অধ্যায়ে আলোকচিত্রী সাইদা খানমের জীবনকে ফুটিয়ে তোলার প্রয়াস রয়েছে বইটিতে। বইটির দাম ৬৯৫ টাকা।
ডা. সারা ফাতিমা সম্পাদিত ‘সাইদা খানমের রচনা সংগ্রহ’ বইয়ে ১৯টি অধ্যায়ে সাইদা খানমের নানা রচনা সন্নিবেশিত হয়েছে। বিভিন্ন পত্রিকা ও ম্যাগাজিনে প্রকাশিত লেখাগুলো পারিবারিকভাবে সংগ্রহ করা হয়েছিল বলে জানান সাইদা খানমের ভাগনি ডা. সারা ফাতিমা। ২০২০ সালে সাইদা খানমের মৃত্যুর পর ২০২২ সালে সারা সেই লেখাগুলো সংকলনের উদ্যোগ নেন।
৩০ বছর বয়সে তিনি সত্যজিৎ রায়ের ছবি তুলে সাক্ষাৎকার নিয়েছেন। সেসব দুর্লভ অভিজ্ঞতা নিয়ে তিনি রচনা করেছেন ‘আমার চোখে সত্যজিৎ রায়’। এ ছাড়া তার আত্মজীবনীমূলক গ্রন্থ ‘স্মৃতির পথ বেয়ে’ ও ‘উপন্যাস ত্রয়ী’ উল্লেখযোগ্য প্রকাশনা।
সৃষ্টিশীল আলোকচিত্রী হিসেবে সাইদা খানম ২০১৯ সালে একুশে পদক পান। ২০২০ সালের ১৮ আগস্ট প্রয়াত হন বাংলাদেশের কিংবদন্তি নারী আলোকচিত্রী সাইদা খানম।