ভারী বৃষ্টিপাতের শঙ্কা, কৃষকের প্রতি সাত পরামর্শ

বাংলাদেশ আবহাওয়া অধিদফতর হতে প্রাপ্ত তথ্য মতে, আগামী ২৬ থেকে ২৮ মে ২০২৪ সারা দেশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের শঙ্কা রয়েছে। বিশেষ করে উপকূলীয় জেলাগুলোতে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদফতর। এই সময়ে ফসলের ক্ষয়ক্ষতি এড়াতে কৃষকের প্রতি আটটি পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।

কৃষি সম্প্রসারণ অধিদফতরের ‘কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্প’ এর পরিচালক ড. মো. শাহ কামাল খানের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। শনিবার (২৫ মে) দুপুরে বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান কৃষি তথ্য সার্ভিসের পরিচালক ড. সুরজিত সাহা রায়।

বৃষ্টিপাতের ক্ষতিকর প্রভাব থেকে দণ্ডায়মান ফসলকে রক্ষার জন্য ‘কৃষি আবহাওয়া বিষয়ক’ পরামর্শ হচ্ছে—

১. বোরো ধান ৮০ শতাংশ পরিপক্ক হয়ে গেলে দ্রুত সংগ্রহ করে নিরাপদ জায়গায় রাখা; 
২. দ্রুত পরিপক্ক সবজি ও ফল সংগ্রহ করা; 
৩. সেচ, সার ও বালাইনাশক প্রয়োগ থেকে বিরত থাকা; 
৪. জমির আইল উঁচু করা; 
৫. নিষ্কাশন নালা পরিষ্কার রাখা যেন জমিতে পানি জমে না থাকতে পারে; 
৬. আখের ঝাড় বেঁধে দেওয়া, কলা ও অন্যান্য উদ্যানতাত্ত্বিক ফসল এবং সবজির জন্য খুঁটির ব্যবস্থা করা; 
৭. পুকুরের চারপাশ জাল দিয়ে ঘিরে রাখা, যেন ভারী বৃষ্টিপাতের পানিতে মাছ ভেসে না যায়; 
৮. গবাদি পশু ও হাঁসমুরগি শুকনো ও নিরাপদ জায়গায় রাখা।