ঘূর্ণিঝড় ‘রিমাল’ মোকাবিলায় সাতক্ষীরায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বিজিবি। বিজিবির নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) সাতক্ষীরার স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে বিভিন্ন জনসচেতনতা ও প্রতিরোধমূলক কাজ করছে।
সোমবার (২৭ মে) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বিজিবি নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) অধিনায়ক মুহাম্মাদ সানবীর হাসান মজুমদার।
এতে জানানো হয়েছে, ঘূর্ণিঝড় ‘রিমাল’ মোকাবিলায় বিজিবি সদস্যরা নীলডুমুর ব্যাটালিয়ন ও অধীনস্থ বিওপিগুলোর সামনে বিদ্যমান বেড়িবাঁধের ওপর দিয়ে পানি প্রবেশ ঠেকাতে বালুর বস্তা ফেলে বাঁধ সুরক্ষার ব্যবস্থা করেছে। আবহাওয়ার পূর্বাভাস ও বিপদ সংকেত অনুযায়ী দুর্গত এলাকার জনসাধারণকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়ার অনুরোধ ও সহায়তা করেছে। নীলডুমুর বিজিবি সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে আশেপাশের দুর্গত এলাকার মানুষদের নিরাপদে আশ্রয় প্রদানসহ সেখানে আশ্রয়রত ১৫০ জনেরও বেশি জনসাধারণের মাঝে রান্না করা খাবার, সুপেয় পানি ও শুকনো খাবার সরবরাহসহ প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করছে।
নীলডুমুর বুড়িগোয়ালিনী সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে এবং নীলডুমুর বাজারে আশ্রয়রত ৩৫০ জনেরও অধিক অসহায় মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করা হচ্ছে। একইসঙ্গে ঘূর্ণিঝড় ‘রিমাল’ মোকাবিলায় আগত স্বেচ্ছাসেবকদের মাঝেও নিয়মিতভাবে খাবার পরিবেশন করা হচ্ছে।
এছাড়া বিজিবি সদর দফতরের নির্দেশনা অনুযায়ী ঘূর্ণিঝড় ‘রিমাল’ মোকাবিলায় আপদকালীন মুহূর্তে বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য ৩ প্লাটুন বিজিবি সদস্য প্রস্তুত রাখা হয়েছে বলেও জানিয়েছে বিজিবি।