দরিদ্র মানুষের জন্য বরাদ্দ করা অর্থ আত্মসাতের অভিযোগে দারিদ্র্য বিমোচন কর্মকর্তা আকরাম আলীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (২৮ মে) দুদকের সহকারী পরিচালক মো. নূর আলম বাদী হয়ে দিনাজপুর জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেন। আকরাম আলীর বিরুদ্ধে ২১ লাখ ৬৭ হাজার ৬৭৪ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়।
মামলার এজাহারে বলা হয়, বিভিন্ন সময় সরকার থেকে দেওয়া অর্থ দিনাজপুর সদর উপজেলার পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের সাবেক সহকারী দারিদ্র্য বিমোচন কর্মকর্তা মো. আকরাম আলী প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে আত্মসাত করেছেন।
দুদকের অনুসন্ধানে জানা যায়, ২০১৯ সালের জানুয়ারি থেকে ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত সময়ে আকরাম আলী ২১ লাখ ৬৭ হাজার ৬৭৪ টাকা আত্মসাত করে দুর্নীতি প্রতিরোধ আইন দণ্ডবিধি অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ করেছেন।
দুদকের অনুমোদনের পর মঙ্গলবার (২৮ মে) মামলাটি দায়ের করেন দুদকের সহকারী পরিচালক মো. নূর আলম।