নিখোঁজের ১৪ দিন পর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে আরিফুল ইসলাম (২৭) নামে এক জাপান প্রবাসীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১ জুন) রাত সাড়ে ৮টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার সি-ব্লকের দুই নম্বর রোডে একটি ফ্লাটের দ্বিতীয় তলা থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে ভাটারা থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেন ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম। তিনি বলেন, বসুন্ধরা আবাসিক এলাকার মাটি প্রোপার্টিজ লিমিটেডের ফ্লাটের দ্বিতীয় তলার একটি রুম থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। ওই ভবনটি একটি গেস্ট হাউজ। নিহত আরিফ ও পারভিন নামে দুজন স্বামী-স্ত্রী পরিচয়ে ভাড়া নিয়েছিল।
ওসি আরও বলেন, নিহতের শরীরে বিভিন্ন আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে ৪-৫ দিন আগে হত্যা করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা করা হচ্ছে। আমরা ঘটনাটি তদন্ত করে দেখছি।
জানা যায়, জাপান প্রবাসী আরিফ ইসলামের গ্রামের বাড়ি নরসিংদী জেলার রায়পুরা থানার কালিকুরপাড়ায়। তিনি শাহজাহান শিকদারের ছেলে। তিনি প্রায় পাঁচ বছর ধরে জাপানে থাকেন। সেখানে এক জাপানি নারীকে বিয়ে করেছেন। গত ১৭ মে তিনি ঢাকায় আসেন। এরপর থেকে তার কোনও সন্ধান পাচ্ছিলো না তার পরিবার।
নিহতের ভাই সবুজ বলেন, আমাদের না জানিয়ে আরিফ ১৭ মে ঢাকায় আসেন। ৩১ মে আবার চলে যাওয়া কথা ছিল। পরে জাপান থেকে তার স্ত্রী আমাদের ফোন দেওয়া পর আমরা জানতে পারি আরিফ ঢাকায় এসেছে। এরপর থেকে আমরা তাকে বিভিন্ন জায়গায় সন্ধান করতে থাকি। তাকে কোথাও পাওয়া যাচ্ছিলো না।
সবুজ বলেন, দেশে থাকতে পারভীন নামে এক নারীর সঙ্গে তার সম্পর্কে ছিল। হত্যায় মেয়েটি জড়িত থাকতে পারে বলে দাবি সবুজের।