দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা তৈরিতে গণশুনানি করছে দুদক: সচিব

দুর্নীতি দমন কমিশনের সচিব খোরশেদা ইয়াসমিন বলেছেন, আমাদের সবারই লক্ষ্য দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার। সেজন্য গণসচেতনতা তৈরিতে দেশের বিভিন্ন জেলায় নিয়মিত গণশুনানির আয়োজন করা হচ্ছে। আগামী প্রজন্মের মাঝে দুর্নীতিবিরোধী চেতনা তৈরিতে সততা স্টোর ও সংঘ তৈরি করা হয়েছে। বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করে শিক্ষার্থীদের মাঝে দুর্নীতিবিরোধী বার্তা ছড়িয়ে দেওয়া হয়। দুদকের এসব কার্যক্রম দুর্নীতিবিরোধী অবস্থা তৈরিতে সহায়ক ভূমিকা পালন করবে।

বুধবার (১২ জুন) চাঁদপুরের শিল্পকলা মিলনায়তনে এক গণশুনানিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম জানান, বুধবার (১২ জুন) দুর্নীতি দমন কমিশনের চাঁদপুর জেলা কার্যালয়ের আয়োজনে স্থানীয় শিল্পকলা মিলনায়তনে গণশুনানি অনুষ্ঠিত হয়। যেখানে ভূমি, পুলিশ, পাসপোর্ট, বিআরটিএ, পানি উন্নয়ন বোর্ড, সাব-রেজিস্ট্রি অফিস, পৌরসভা, ইউনিয়ন পরিষদ, ব্যাংক, শিক্ষা সম্পর্কিত বিভিন্ন দফতর, বিআইডাব্লিউটিএ, জেলা পরিষদসহ জেলা-উপজেলা নির্বাচন অফিসসহ ৪৩টি দফতরের ৬৬টি অভিযোগ উত্থাপন করা হয়।

উত্থাপন করা অভিযোগগুলোর গুরুত্ব ও সেবা বিবেচনা করে শান্তিমূলক প্রশাসনিক ব্যবস্থা, প্রশাসনিক তদন্ত, অনুসন্ধান শুরু করার বিষয়ে দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ের যাচাই-বাছাই কমিটির কাছে প্রেরণসহ যথাযথ ব্যবস্থার সিদ্ধান্ত দেন দুদক সচিব খোরশেদা ইয়াসমিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন ও দুদকের চট্টগ্রামের পরিচালক এস এম এম আখতার হামিদ ভূঞা। গণশুনানির মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন চাঁদপুর জেলার জেলা প্রশাসক মো. কামরুল হাসান।