যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে এর আওতাভুক্ত দফতর ও সংস্থার ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর ও ২০২৩-২৪ অর্থবছরের শুদ্ধাচার পুরস্কার দেওয়া হয়েছে। এই মন্ত্রণালয় ও অধীন বিভিন্ন সংস্থার সাত কর্মকর্তাকে শুদ্ধাচার পুরস্কার দেওয়া হয়।
বুধবার (২৬ জুন) সচিবালয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই অনুষ্ঠান হয়। সচিব ড. মহিউদ্দীন আহমেদের সভাপতিত্বে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাভুক্ত সংস্থার প্রধানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম, যুব উন্নয়ন অধিদফতরের মহাপরিচালক ড. গাজী মো. সাইফুজ্জামান, বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন, ক্রীড়া পরিদফতরের পরিচালক আ ন ম তরিকুল ইসলাম, বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের সচিব কৃষ্ণেন্দু সাহা নিজ নিজ দফতর ও সংস্থার পক্ষে এপিএ চুক্তিতে স্বাক্ষর করেন। ড. মহিউদ্দীন আহমেদ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে সাত কর্মকর্তাকে ২০২৩-২৪ অর্থবছরের শুদ্ধাচার পুরস্কার দেওয়া হয়। দফতর ও সংস্থার পক্ষে ক্রীড়া পরিদফতরের পরিচালক আ ন ম তরিকুল ইসলাম, মন্ত্রণালয় থেকে যুগ্ম সচিব (যুব) কাজী মোশতাক জহির, যুগ্ম সচিব (ক্রীড়া) মোহাম্মদ সানাউল হক, প্রশাসনিক কর্মকর্তা মো. লোকমান হোসাইন, প্রশাসনিক কর্মকর্তা শামীম আহমেদ, অফিস সহায়ক মো. ইনতাজ আলী এবং অফিস সহায়ক মো. আব্দুল হান্নান এ বছরের শুদ্ধাচার পুরস্কার অর্জন করেন।