বহুজাতিক কোম্পানি লিন্ডে বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সুজিত পাইসহ ছয় জনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে দায়ের করা এক মামলায় অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে মামলাটির বিচার অনুষ্ঠানিকভাবে শুরু হলো।
বুধবার (২৬ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালত আসামিদের অব্যাহতির আবেদন নামঞ্জুর করে অভিযোগ গঠনের আদেশ দেন। একইসঙ্গে আগামী ১৭ অক্টোবর সাক্ষ্যগ্রহণের পরবর্তী তারিখ ধার্য করেছেন আদালত।
সংশ্লিষ্ট আদালতে পেশকার মাসুদ এ সব তথ্য জানান।
বিচার শুরু হওয়া অপর আসামিরা হলেন– প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকের উপদেষ্টা এরফান সিহাবুল মতিন, সহযোগী পরিচালক চৌধুরী নুরুর রহমান, আনিছুজ্জামান, ফাতেমা জাহাঙ্গীর ও মো. ইমাম হোসেন খান। আসামিদের মধ্যে সুজিত পাই পলাতক। অপর পাঁচ আসামি জামিনে রয়েছেন।
অভিযোগ থেকে জানা গেছে, লিন্ডে বাংলাদেশ লিমিটেড কানেক্ট ডিস্ট্রিবিউশন লিমিটেডকে দিয়ে ডিস্ট্রিবিউশন চুক্তির বাইরেও ভেন্ডর হিসাবে নিয়োগ দিয়ে সারা দেশ থেকে লিন্ডের টেস্ট ডিউ খালি সিলিন্ডার লিন্ডের ফ্যাক্টরিতে পরিবহনের কাজের জন্য পারচেজ অর্ডার দেয়। সেই হিসাবে ২০১৯ সালের জানুয়ারি থেকে ২০২২ সালের ফেব্রুয়ারি পর্যন্ত কানেক্ট ডিস্ট্রিবিউশন লিমিটেড এই কাজ করে আসছিল এবং নিয়মিত কাজের বিনিময়ে বিল সাবমিট করলেও কোনও বিল পরিশোধ করেনি।
সর্বশেষ ৪ হাজার ৯৮২টি সিলিন্ডার পরিবহন করে কানেক্ট ডিস্ট্রিবিউশন লিমিটেড, যার পরিবহন ভাড়া বাবদ ১৮ লাখ ৯৯ হাজার ৭৫৬ টাকা না দিয়ে প্রতারণা করা হয়। ওই ঘটনায় ২০২২ সালের সেপ্টেম্বরে কানেক্ট ডিস্ট্রিবিউশন লিমিটেডের পক্ষে খোন্দকার এরশাদ জাহান বাদী হয়ে দণ্ডবিধির ৪২০ ধারায় মামলাটি দায়ের করেন।