অনুমোদনহীন ইলেক্ট্রোলাইট ড্রিংকস ‘ব্লু’ বিক্রির মামলায় ‘রাফসান দ্য ছোট ভাই’ নামে পরিচিত কনটেন্ট নির্মাতা ইফতেখার রাফসানকে আট সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। তার আবেদনের শুনানি নিয়ে বুধবার (২৬ জুন) বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রাফসানের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী শাহ মঞ্জরুল হক ও ব্যারিস্টার এম হারুনুর রশিদ।
এর আগে, গত ১৩ জুন ইফতেখার রাফসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ঢাকার একটি আদালত। কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই ‘ব্লু ড্রিংকস’ নামে একটি পানীয় বাজারজাত করার অভিযোগে তার বিরুদ্ধে এ মামলা হয়। ঢাকার বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক আলাউল আকবর তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের খাদ্য পরিদর্শক কামরুল ইসলাম ‘ব্লু ড্রিংকস’ বাজারজাত করার অভিযোগে সম্প্রতি ইফতেখার রাফসানের বিরুদ্ধে ঢাকার বিশুদ্ধ খাদ্য আদালতে মামলাটি করেন।