কনটেন্ট ক্রিয়েটর ‘রাফসান দ্য ছোট ভাই’খ্যাত ইফতেখার রাফসানকে সতর্ক করেছেন হাইকোর্ট। আগাম জামিন নিতে আসার পর শুনানি নিয়ে বুধবার (২৬ জুন) বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাকে সতর্ক করেন।
আদালতে রাফসানের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী শাহ মঞ্জরুল হক ও ব্যারিস্টার এম হারুনুর রশিদ।
শুনানিকালে রাফসান নিজের পক্ষে বক্তব্য রেখে বলেন, তিনি মডেলিং করেছেন এ পণ্যের, এটি ভুল হয়েছে। তখন হাইকোর্ট বলেন, এ ধরনের বিজ্ঞাপন করার ক্ষেত্রে আপনার সতর্ক হওয়া উচিত।
হাইকোর্ট রাফসানকে উদ্দেশ্য করে আরও বলেন, খাদ্যের মান ঠিক রাখা নিয়ে কোনও ছাড় দেওয়া হবে না। এটি জনস্বার্থের জন্য হুমকি।
এসময় রাফসানের পক্ষ থেকে অননুমোদিত ইলেক্ট্রোলাইট ড্রিংকস নিয়ে সায়েন্স ল্যাবরেটরির রিপোর্ট আদালতে দাখিল করা হয়। তবে সে রিপোর্টে সন্তুষ্ট হতে পারেনি হাইকোর্ট।
তবে এরপরও সার্বিক বিবেচনায় রাফসানকে ৮ সপ্তাহের আগাম জামিন দেন হাইকোর্ট।
এর আগে, গত ১৩ জুন ‘রাফসান দ্য ছোট ভাই’ নামে পরিচিত কনটেন্ট নির্মাতা ইফতেখার রাফসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ঢাকার একটি আদালত। কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই ‘ব্লু ড্রিংকস’ নামে একটি পানীয় বাজারজাত করার অভিযোগে তার বিরুদ্ধে এ মামলা হয়।
ঢাকার বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক আলাউল আকবর তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের খাদ্য পরিদর্শক কামরুল ইসলাম ‘ব্লু ড্রিংকস’ বাজারজাত করার অভিযোগে সম্প্রতি ইফতেখার রাফসানের বিরুদ্ধে ঢাকার বিশুদ্ধ খাদ্য আদালতে মামলাটি করেছিলেন।