রাজধানীর খিলক্ষেত এলাকায় রেল ক্রসিংয়ে মালবাহী কন্টেইনার ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তার নাম হাবিবুর রহমান (৭৯)। বুধবার (৩ জুলাই) সকালে এ ঘটনা ঘটে।
ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সানু মং মারমা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বুধবার সকাল ১০টা ২০ মিনিটে খিলক্ষেত রেল ক্রসিং দিয়ে অসতর্কভাবে রেললাইন পারাপারের সময় মালবাহী কন্টেইনার ট্রেনের ধাক্কায় মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম পেয়ে ঘটনাস্থলেই মারা যান ওই বৃদ্ধ।
এএসআই আরও বলেন, প্রথমে পরিচয় পাওয়া না গেলেও পরে পাওয়া যায়। তার নাম হাবিবুর রহমান। বাবা মৃত জোয়াদ আলী। বাসা নং৫০/ বি, থানা ক্ষিলক্ষেত।
মৃতের আত্মীয়-স্বজনরা ঘটনাস্থলে এসে মরদেহ শনাক্ত করেন। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আইনি প্রক্রিয়া শেষে বিনা ময়নাতদন্তে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।