রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকার ডোবা থেকে ভাসমান অবস্থায় এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১২ জুলাই) বিকাল পাঁচটার দিকে মাতুয়াইলের কোনাপাড়া মোল্লা কলেজের পাশে একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠায় যাত্রাবাড়ী থানা পুলিশ।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) নুর মোহাম্মদ জানান, খবর পেয়ে মাতুয়াইল-কোনাপাড়ার মাঝামাঝি মোল্লা কলেজের কাছে রাস্তার পাশের ডোবা থেকে ভাসমান ইয়াসিন আরাফাত (১৫) নামের ওই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়। লাশের শরীরে অনেকটা পচন ধরেছে।
এসআই বলেন, ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।