ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন, কোটা আন্দোলন আদালতের বিষয়। আদালত যে আদেশ দেবে, সেটি সবাইকে মানতে হবে। কেউ আইনশৃঙ্খলা ভঙ্গের চেষ্টা করলে সেটি যেই হোন, তাদের আমরা শক্ত হাতে মোকাবিলা করবো।
সোমবার (১৫ জুলাই) সকালে রাজধানীর পুরান ঢাকার হোসাইনি দালানের ইমামবাড়ায় ১০ মহররমের তাজিয়া মিছিলে ডিএমপির নেওয়া নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিল ও ইমামবাড়া ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, ‘ডগ স্কয়াট দিয়ে চেকিং, সুইপিং করা হয়েছে। অনুষ্ঠান শুরুর আগে আগতদের আর্থওয়ে মেশিন দিয়ে চেকিং করা হবে। ইমামবাড়ার আশেপাশের ভবন থেকে নজরদারি করা হবে। তাজিয়া মিছিলের আগে ও পেছনে পুলিশ থাকবে। সিসিটিভি ক্যামেরা দিয়ে নজরদারি করা হবে। সব মিলিয়ে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ডিএমপি।’
মিছিলে অংশগ্রহণকারীদের উদ্দেশে ডিএমপি কমিশনার বলেন, ‘আমাদের অনুরোধ, কোনও ছুরি, চাকু বা দাহ্য পদার্থ নিয়ে মিছিলে প্রবেশ করা যাবে না। পতাকা বহনের সময় সতর্ক থাকতে হবে, যেন বিদ্যুতের তারের সঙ্গে লেগে না যায়। সমন্বয় মিটিং করে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’
এক প্রশ্নের জবাবে কমিশনার বলেন, নিরাপত্তার স্বার্থে আশেপাশে তল্লাশি চালানো হয়েছে। আমাদের গোয়েন্দা সদস্যরা মাঠে কাজ করছে।’
তাজিয়া মিছিলকে কেন্দ্র করে জঙ্গি হামলার ঘটনা পূর্বের ঘটনা ছিল উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, ‘বিষয়টি মাথায় রেখে নিরাপত্তা পরিকল্পনা সাজানো হয়েছে।’