জনপ্রিয় ব্যান্ড শিল্পী শাফিন আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোক বার্তায় প্রধানমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের একটি হাসপাতালে মিউজিক ব্যান্ড মাইলসের প্রতিষ্ঠাতা শাফিন ইন্তেকাল করেন। তিনি কিংবদন্তী নজরুল সংগীত শিল্পী ফিরোজা বেগম ও প্রখ্যাত সঙ্গীতজ্ঞ কমল দাশগুপ্তের ছেলে। তার বয়স হয়েছিল ৬৩ বছর।
মেয়র তাপসের শোক
শাফিন আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। বৃহস্পতিবার (২৫ জুলাই) এক শোকবার্তায় তিনি বলেন, শাফিন আহমেদ বাংলাদেশের ব্যান্ড সংগীতের অন্যতম এক পুরোধা। তরুণ প্রজন্মের মাঝে বাংলা গান ও বাঙালি সংস্কৃতিকে ছড়িয়ে দিতে শাফিন আহমেদের অবদান অনস্বীকার্য। তার অনবদ্য সব সৃষ্টির মাঝেই তিনি বাঙালির হৃদয়ে চির স্মরণীয় হয়ে বেঁচে থাকবেন।