শিক্ষার্থীদের সঙ্গে ঢাকাসহ সারা দেশে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্য ও তাদের ভলান্টিয়াররা। ট্রাফিক পুলিশের অনুপস্থিতির কারণে ট্রাফিক ব্যবস্থা যাতে ভেঙে না পড়ে, সে জন্য রাজধানী ঢাকার ট্রাফিক পয়েন্টসহ সারা দেশের গুরুত্বপূর্ণ স্থানগুলোয় নিয়োজিত আছেন তারা।
বৃহস্পতিবার (৮ আগস্ট) সকাল ৮টা থেকে ফায়ার সার্ভিস ট্রাফিক নিয়ন্ত্রণের এই কার্যক্রম পরিচালনা করছে বলে প্রতিষ্ঠানটির মিডিয়া সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিনের নির্দেশনা অনুসরণে ফায়ার সার্ভিসের ট্রাফিক নিয়ন্ত্রণের এই কার্যক্রম তত্ত্বাবধান করছেন পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।
এ বিষয়ে তিনি বলেন, ‘ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স হলো মানুষের দুঃসময়ের বন্ধু। ট্রাফিক ব্যবস্থাপনায় এখন একটা শূন্যতা বিরাজমান বিধায় আমাদের সদস্য ও ভলান্টিয়াররা এই দায়িত্ব পালনে নিয়োজিত আছেন।’