বৈষম্য দূরীকরণে ছয় দফা দাবি আদায়ে সর্বাত্মক কর্মবিরতির ঘোষণা দিয়েছেন লক্ষ্যে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)-এ ১০ থেকে ২০ তম গ্রেড পর্যায়ের ৭০০ এরও বেশি কর্মচারী। বৃহস্পতিবার (৮ আগস্ট) মেট্রোরেলের উত্তরা ডিপোর সামনে তারা এক মানববন্ধনে এইসব দাবি করেন।
তাদের দাবি গুলো হলো- সব গ্রেডের একই রকম বেতন কাঠামো যা জাতীয় বেতন স্কেল-২০১৫ এর ২.৩ গুণ হারে যোগদানের তারিখ থেকে বকেয়াসহ দিতে হবে; চাকরিতে যোগদানের তারিখ থেকে বকেয়াসহ সিপিএফ সুবিধা দিতে হবে; অন্যান্য সব সরকারি মালিকানাধীন কোম্পানি ও অন্যান্য দেশের মেট্রোর পদ্ধতির সঙ্গে সমন্বয় করে পদোন্নতির ব্যবস্থা চালু এবং সব ধরনের ভাতা সম্বলিত সার্ভিস রুলস দ্রুত সময়ের মধ্যে দিতে হবে।
এছাড়াও শিক্ষানবিশকাল শেষে স্থায়ীকরণ করতে হবে; স্টেশন ও ডিপোসহ সব স্থানে পর্যাপ্ত নিরাপত্তাসহ পরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে হবে; কর্মক্ষেত্রে স্বৈরাচারী মনোভাব ও বৈষম্যমূলক আচরণ এবং ব্যক্তিগত আক্রোশের বহিঃপ্রকাশ ঘটানো যাবে না।