সাম্প্রদায়িক হামলা, লুটতরাজ বন্ধ করে দেশে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা করে মানবিক রাষ্ট্র গঠনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ।
রবিবার (১১ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ মহিলা পরিষদ আয়োজিত মানববন্ধনে সংগঠনের পক্ষে এই আহ্বান জানান সভাপতি ডা. ফওজিয়া মোসলেম।
তিনি বলেন, ‘সাম্প্রতিক সময়ে আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, দেশের বিভিন্ন স্থানে জনগণের ওপর হামলা এবং লুটপাটের ঘটনা ঘটছে। সংখ্যালঘু সম্প্রদায় আক্রমণের শিকার হচ্ছে। দেশের নারী সমাজ ও জনগণ নিরাপত্তাহীনতায় ভুগছে। রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় ডাকাতির আশঙ্কায় মানুষকে নির্ঘুম রাত কাটাতে হচ্ছে। আমরা এই পরিস্থিতির দ্রুত অবসান ঘটিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানাচ্ছি।’
আইনশৃঙ্খলা পরিস্থিতির অস্থিতিশীলতার সুযোগে রাষ্ট্রীয় সম্পদ এবং আমাদের শিল্প-সংস্কৃতি-কৃষ্টি ঐতিহ্যের স্মারকগুলো ধ্বংস করা হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির মাধ্যমে অবিলম্বে এসব অপতৎপরতা বন্ধ করার কথা বলেন তিনি।
এ সময় দেশের সার্বিক অগ্রগতির লক্ষ্যে অংশীজনের সঙ্গে আলোচনার সব পর্যায়ে নারীকে অন্তর্ভুক্ত করে গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক, সমতাভিত্তিক, মানবিক রাষ্ট্র, সমাজ গঠনের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি।
মানববন্ধনে সাম্প্রতিক আন্দোলনে যেসব শিক্ষার্থী, যুব-সাধারণ জনগণ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, সাংবাদিকসহ যারা নিহত হয়েছেন তাদের মৃত্যুতে শোক প্রকাশ করা হয় সংগঠনের পক্ষ থেকে।