আনিসুল হক-সালমান এফ রহমানের ১০ দিনের রিমান্ড চায় পুলিশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর নিউমার্কেট এলাকায় দোকান কর্মচারী শাহজাহান আলীকে হত্যার অভিযোগের মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছেন পুলিশ।

বুধবার (১৪ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদের আদালতে তাদের উপস্থিত করে রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে। আদালত সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানায়, গতকাল মঙ্গলবার (১৩ আগস্ট) গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পালানোর সময় রাজধানীর সদরঘাট এলাকা থেকে আনিসুল হক ও সালমান এফ রহমানকে গ্রেফতার করা হয়।

এদিকে, গত ১৬ জুলাই কোটা আন্দোলন চলাকালে রাজধানীর নিউমার্কেট এলাকায় পাপোশের দোকানের কর্মচারী শাহজাহান আলীকে হত্যার অভিযোগে তার মা আয়শা বেগম মামলাটি দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সরকার গঠনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা পদে নিয়োগ পান ঢাকা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও শিল্পপতি সালমান ফজলুর রহমান ওরফে সালমান এফ রহমান। দ্বাদশ সংসদ নির্বাচনের পরও তাকে একই পদে বহাল রাখা হয়।

অন্যদিকে, ২০১৪ সালে দশম সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা) আসন থেকে নির্বাচন করে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন আনিসুল হক। ওই মেয়াদেই তাকে আইনমন্ত্রী করে সরকার। এরপর থেকে তিনি আইনমন্ত্রীর পদে ছিলেন।

আরও পড়ুন- সালমান এফ রহমান ও আনিসুল হক গ্রেফতার