যাত্রাবাড়ীতে অটোরিকশা চুরি, চালককে পিটিয়ে হত্যার অভিযোগ

রাজধানীর যাত্রাবাড়ীতে অটোরিকশা চুরি যাওয়ায় মো. নাহিদ (২৩) নামে এক চালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা করলে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার ময়নাতদন্ত সম্পন্ন করা হয়।

ঢামেক মর্গে নিহত ব্যক্তির বাবা আব্দুল আলীম বলেন, ‘নাহিদ অটোরিকশাচালক ছিল। ছেলের অটোরিকশা চুরি হয়ে যায়। এ নিয়ে অটোরিকশা ও গ্যারেজ মালিক আনোয়ারসহ তার লোকজন তাকে পিটিয়ে গুরুতর আহত করে ফেলে রাখে। পরে গত ১২ আগস্ট সকালে মাতুয়াইল দক্ষিণপাড়া তার গ্যারেজে অদূরে রাস্তা থেকে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

গ্যারেজ মালিক আনোয়ার, জাকির, সিয়াম মানিকসহ বেশ কয়েকজন মিলে তাকে হত্যা করেছেন বলে অভিযোগ করেন তার বাবা আব্দুল আলীম।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল কাদের খান জুয়েল এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় তার গ্যারেজ মালিকসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে। থানায় হত্যা মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার তার ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর নিহতের স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

নাহিদ মাদারীপুরের কালকিনী উপজেলার চরদলক্ষা ভবানীপুরের আব্দুল আলীমের ছেলে। বর্তমানে রায়েরবাগ মাতুয়াইল দক্ষিণপাড়া পরিবারের সঙ্গে থাকতেন।