যায়যায়‌দিনের সম্পাদনায় ফিরবেন শ‌ফিক রেহমান?

দীর্ঘ ছয় বছর পর দেশে ফিরছেন প্রবীণ সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক, টিভি উপস্থাপক ও লেখক শফিক রেহমান। গুঞ্জন উঠেছে, শ‌ফিক রেহমা‌ন আবা‌রও দৈ‌নিক যায়যায়‌দি‌নের সম্পাদনায় ফিরছেন।

তবে শফিক রেহমানের ঘনিষ্ঠজনরা জানান, ওয়ান-ইলে‌ভে‌ন সরকা‌রের সময় তার কাছ থেকে যায়যায়‌দি‌ন পত্রিকা কেড়ে নেওয়া হয়েছিল। তিনি আবার নতুন করে পত্রিকাটির নেতৃ‌ত্ব দেবেন বলে তারা আশাবাদী।

এ বিষয়ে সাবেক রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমদের উপ-প্রেস সচিব বর্তমানে লন্ডনপ্রবাসী ও সাপ্তাহিক সুরমা পত্রিকার সম্পাদক শামসুল আলম লিটন বাংলা ট্রিবিউন‌কে ব‌লেন, ‘শ‌ফিক রেহম‌া‌নের বয়স য‌দিও এখন নব্বই বছর ত‌বে ম‌নের দিক থে‌কে তি‌নি তরুণ। কাল তার দে‌শে ফেরার কথা।’

সস্ত্রীক শফিক রেহমান

শ‌ফিক রেহমা‌ন আবা‌রও দৈ‌নিক যায়যায়‌দি‌নের সম্পাদনায় ফিরতে চান কি না, এ প্রশ্নের জবা‌বে শামসুল আলম লিটন ব‌লেন, ‘ওয়ান-ইলে‌ভে‌ন সরকা‌রের ইন্ধ‌নে এক টাকার দ‌লি‌লে যায়যায়‌দিন প‌ত্রিকা‌টি শ‌ফিক রেহমা‌নের কাছ থে‌কে কে‌ড়ে নেওয়া হ‌য়ে‌ছিল। ওই এক টাকাও তিনি নেননি। এখন তিনি আইনি প্রক্রিয়ায় অবিলম্বে তার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ফিরে পাবেন এবং আবারও যায়যায়দিন তার হাতেই প্রকাশিত হবে ব‌লে আমরা আশাবাদী।’

শফিক রেহমান দেশে আসার জন্য এখন লন্ড‌নের হি‌থ্রো এয়ার‌পো‌র্টে আছেন জা‌নি‌য়ে লন্ড‌নে শহীদ জিয়া স্মৃ‌তি কে‌ন্দ্রের প্রতিষ্ঠাতা শরীফুজ্জামান চৌধুরী তপন বলেন, ‘তিনি (শফিক রেহমান) ও‌য়েস্ট লন্ড‌নে তার নি‌জের বাড়ি‌তেই থাক‌তেন। তার ছে‌লের ঘরও কাছাকা‌ছি। শ‌ফিক রেহমান ও তা‌লেয়া রহমান দুজ‌নেই শারী‌রিকভা‌বে ভালো নেই।’

খালেদা জিয়ার সঙ্গে শফিক রেহমান

তিনি আরও বলেন, ‘যায়যায়দিন তার প‌ত্রিকা। প‌ত্রিকা‌টি কীভা‌বে জোর ক‌রে তার হাত থে‌কে নেওয়া হ‌য়ে‌ছিল, দে‌শের মানুষ জা‌নে। এখন তি‌নি য‌দি চান ত‌বে যায়যায়‌দিন তি‌নি আবার নতুন ক‌রে তার নেতৃ‌ত্বে বের ক‌রতে পার‌বেন ব‌লে আমরা আশাবাদী।’

উল্লেখ‌্য, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে ‘অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের’ মামলায় ২০১৬ সালের ১৬ এপ্রিল গ্রেফতার হয়েছিলেন শফিক রেহমান। পরে জামিনে মুক্তি পেয়ে দেশ ছেড়ে চলে যেতে হয় তাকে।