মিরপুরে শিক্ষার্থী হত্যা: শেখ হাসিনা-ইনু-মেনন-মঞ্জু ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

কোটা সংস্কার আন্দোলনের সময় মিরপুরে শিক্ষার্থী আলভীকে হত্যার ঘটনায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন ও আনোয়ার হোসেন মঞ্জুসহ ২৭ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় অভিযোগ দায়ের করা হয়েছে। একই অভিযোগে দল হিসেবে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনকেও আসামি করা হয়েছে।

সোমবার (১৯ আগস্ট) ধানমন্ডির আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা কার্যালয়ে এসব অভিযোগ দাখিল করা হয়।

আলভীর পরিবারের পক্ষে অ্যাডভোকেট আসাদ উদ্দিন তদন্ত সংস্থায় অভিযোগ দায়ের করেন।

এর আগে গত ১৪ আগস্ট কোটা আন্দোলনকে ঘিরে গত ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সংঘটিত হত্যা, গণহত্যা, নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জুনাইদ আহমেদ পলকসহ ১০ জনের বিরুদ্ধে তদন্তের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জমা দেওয়া হয়। ট্রাইব্যুনালের ধানমন্ডির তদন্ত সংস্থার প্রধান কার্যালয়ে তদন্ত সংস্থার প্রধান কো-অর্ডিনেটর বরাবর অ্যাডভোকেট গাজী এম এইচ তামিম এই অভিযোগ দায়ের করেন।