এনজিও বিষয়ক ব্যুরো কর্তৃক বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা অধিকারের নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট।
এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বৃহস্পতিবার (২২ আগস্ট) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট রুহুল আমিন ভূঁইয়া।
অধিকারের নিবন্ধনের মেয়াদ ২০১৫ সালের ২৫ মার্চ শেষ হয়। সংস্থাটি নিবন্ধন নবায়নের আবেদন করলেও তা দীর্ঘদিন ঝুলে ছিল। ২০১৮ সালে নির্বাচন পর্যবেক্ষক হিসেবেও অধিকারের নিবন্ধন বাতিল করে নির্বাচন কমিশন।
অধিকারের নিবন্ধন বাতিল করা হয় ২০২২ সালের ৬ জুন। ব্যুরোর এক আদেশে সংস্থাটির নিবন্ধন নবায়ন আবেদন নিষ্পত্তি করা হয়। দীর্ঘদিন সুরাহার অপেক্ষায় থাকার পর অবশেষে সংস্থাটি নিবন্ধন হারায়। পরে তারা প্রতিকার চেয়ে হাইকোর্টে রিট দায়ের করে।
এনজিও ব্যুরো সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করাসহ বেশ কয়েকটি কারণে অধিকারের নিবন্ধন বাতিল করা হয়। এছাড়া আমলে নেওয়া হয় প্রতিষ্ঠানটির কাছে বিভিন্ন সময় তলব করা তথ্য তারা যথাযথভাবে উপস্থাপন করতে না পারার বিষয়টিও।